শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন।
এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী ৮ কিলোমিটার এবং ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপ গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান রবিবার (১৮ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ৬টি জেলার সীমান্তবর্তী এলাকাসহ খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরের মোট ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত যশোর রিজিয়নের আওতাধীন বিজিবি ইউনিটগুলো সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ প্রেক্ষিতে রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮টি বেইজ ক্যাম্পগুলো থেকে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এবং ৭১টি টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যা ২২ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে ড্রোনের মাধ্যমেও নজরদারি অব্যাহত রয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে পালিত হবে।