২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে নতুন চারটি বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। নতুন বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি।

মঙ্গলবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে প্রচলিত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান, সৃজনশীলতা ও শারীরিক-মানসিক বিকাশে গুরুত্ব দেওয়া হবে।

তিনি জানান, ২০২৮ সাল থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষা কার্যক্রমে পরিবর্তন ও পরিমার্জন আনা হবে। শিক্ষার্থীদের চাহিদা ও সময়ের প্রয়োজন বিবেচনায় নিয়ে পাঠ্যক্রমে আরও নতুন বই যুক্ত করা হতে পারে।

উচ্চমাধ্যমিকে ভর্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আসনের তুলনায় এবার যোগ্য প্রার্থীর সংখ্যা কম থাকায় ভর্তি প্রক্রিয়ায় কিছুটা বিড়ম্বনা তৈরি হয়েছে। এ ছাড়া নবাব ফয়জুন্নেছাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।

এদিকে অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে গ্যাস ও তেলের দাম বেড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো তুলনামূলক কম রয়েছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের পেছনে বেশি ভর্তুকি দিয়ে দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সরকার।

তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে তৈরি হওয়া বর্তমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। জনগণের ওপর যতটা কম চাপ দিয়ে যৌক্তিকভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন।