ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে মিছিলটি বের হয়ে মায়াবী সিনেমা হল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আখাউড়া উপজেলা বিএনপির সহসভাপতি বাহার মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক কেন্দ্রীয় কৃষকদল নেতা নাছির উদ্দিন হাজারী। স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন আবুল ফারুক বকুল, হাজী জালাল উদ্দিন, মো. মন্তাজ মিয়া, শওকত হোসেন সোহাগ, শহিদুল ইসলাম, হুমায়ুন কবির জীবনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ এবং বিরোধী দলের ভূমিকা নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, রাজনৈতিক দল হিসেবে জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। তাদের দাবি, বিএনপি সেই ভূমিকা পালন করে যাচ্ছে; অন্যদিকে বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর বক্তব্যকে তারা বিভ্রান্তিকর বলে সমালোচনা করেন।

প্রধান অতিথি নাছির উদ্দিন হাজারী বলেন, তারেক রহমানের নেতৃত্বে গত কয়েক মাসে সরকার দেশ পরিচালনায় যে অবস্থান তৈরি করেছে, তা নিয়ে তারা ইতিবাচক মূল্যায়ন করেন। একই সঙ্গে তিনি বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন।

এদিকে বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় মিছিলকারীরা দলটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও স্লোগান দেন।

সাম্প্রতিক সময়ে আখাউড়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেখা গেছে।