শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি ত্বরান্বিত করতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, মেধা বিকাশ এবং শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

নিতপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মো. সাদেকুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, মো. আব্দুল খালেক, মো. তাবারক আলী, মো. আলাউদ্দিন আহমেদ, মো. আনোয়ার হোসেনসহ শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের পাশাপাশি পরিবারের নিবিড় তত্ত্বাবধানও প্রয়োজন। নিয়মিত পড়াশোনার খোঁজখবর নেওয়া, শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখার মাধ্যমে অভিভাবকেরা তাদের সন্তানদের শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।

বক্তারা আরও বলেন, শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টাই শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন এবং শিক্ষার সামগ্রিক মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।