কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বৈরাচারী শাসনের সময় যারা ‘গুপ্ত’ অবস্থানে ছিল, তাদের কেউ এখন ক্ষমতাচ্যুত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, স্বৈরাচারী শাসনের সময় একটি পক্ষ ‘গুপ্ত বেশ’ ধারণ করেছিল এবং পরবর্তী সময়ে তাদের নিজেদের লোকজনই বিষয়টি স্বীকার করেছেন। এখন বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা করলে এর পেছনে কারা রয়েছে, তা জনগণের সামনে তুলে ধরতে হবে।
তিনি বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক শক্তিগুলো একে অন্যকে আড়াল ও আশ্রয় দিয়েছে। বর্তমানে সেই ধারাবাহিকতায় ক্ষমতাচ্যুত স্বৈরাচারকে সামনে নিয়ে আসার কোনো চেষ্টা চলছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণ সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গণতান্ত্রিক ধারা ও নীতি-নৈতিকতা সমুন্নত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে।
অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কীভাবে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, তা দেশের আইনে স্পষ্ট করা আছে। নির্বাচিত সরকার হিসেবে প্রত্যেকের নিজ নিজ সীমার মধ্যে থাকা উচিত।
দেশের বিভিন্ন সংকটময় সময়ে বিএনপি জনগণের পাশে ছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, দলটি নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সংকট মোকাবিলায় কাজ করেছে।
বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে থাকায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ভোগা শিল্পকারখানার মালিকসহ সাধারণ মানুষের কাছে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।
আলোচনা সভার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন।