লাকসামে শিশু কিশোর আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) সন্ধ‍্যায় বাংলাদেশ ফ্লাওয়ার মিল সংলগ্ন মাঠে লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান ইসলামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ও বেলুন উঠিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাবেক আহবায়ক আবুল হাসেম মানু, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদ, আবুল হোসেন মিলন, শাহরিয়ার কবির রাতুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ উপজেলা-পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা যুবদলের সদস‍্য আবদুল কাদের মোল্লা। অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

মেলার উদ্যোক্তা লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান ইসলাম বলেন, লাকসাম ও আশপাশের এলাকার মানুষের বিনোদনের তেমন কোনো জায়গা লাকসামে নেই। ওই বিষয়টি চিন্তা করে শিশু কিশোর আনন্দ মেলাটির আয়োজন করা হয়েছে। এখানে শিশু কিশোরদের জন‍্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে। আগত দর্শনার্থীদের কেনাকাটার জন‍্য রয়েছে শতাধিক দোকানপাট।

শতভাগ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে এই মেলার আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, শিশু কিশোর আনন্দ মেলাটি আগামী ২০ দিন চলবে।