শরতের আগমনী বার্তা যেন ছড়িয়ে পড়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী চাকিরপশার বিলে। বিস্তীর্ণ জলরাশির ওপর ফুটে থাকা অসংখ্য গোলাপি-সাদা পদ্মে বদলে গেছে বিলের চেনা রূপ। সবুজ প্রকৃতি আর পদ্মের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্য। সেই সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূর-দূরান্ত থেকে আসা ফুলপ্রেমী ও দর্শনার্থীরা।

বিশেষ করে চান্দামারী এলাকার পাশের অংশে পদ্মের আধিক্য বেশি দেখা যাচ্ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত নানা বয়সী মানুষ সেখানে ভিড় করছেন। কেউ নৌকায় চড়ে পদ্মফুলের মাঝ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কেউ আবার বিলের পাড়ে দাঁড়িয়ে উপভোগ করছেন প্রকৃতির এই অপরূপ আয়োজন।

অনেক দর্শনার্থী পদ্মের সঙ্গে ছবি তুলছেন। কেউ নৌকায় বসে, আবার কেউ পানির কাছাকাছি গিয়ে প্রকৃতির সৌন্দর্য ক্যামেরাবন্দি করছেন। পরে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

পদ্মফুলে ছেয়ে থাকা বিলের পানির ওপর নৌকার চলাচল, চারপাশের সবুজ গাছপালা আর বাতাসে দুলতে থাকা পদ্মের পাতা—সব মিলিয়ে চাকিরপশার বিল এখন স্থানীয়ভাবে আকর্ষণীয় একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে চাকিরপশার বিলে পদ্মফুল ফুটলেও এ বছরও এর বিস্তৃতি দর্শনার্থীদের নজর কেড়েছে। প্রকৃতিপ্রেমীদের কাছে জায়গাটি হয়ে উঠেছে স্বল্প সময়ের জন্য হলেও শহুরে ব্যস্ততা থেকে দূরে গিয়ে প্রকৃতির সান্নিধ্য পাওয়ার একটি সুযোগ।

তবে পদ্মের এই সৌন্দর্য ধরে রাখতে বিলের প্রাকৃতিক পরিবেশ রক্ষার ওপর জোর দিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, দর্শনার্থীদের ফুল না ছেঁড়া, গাছের ক্ষতি না করা এবং বিলের পানিতে প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা না ফেলার বিষয়ে সচেতন হতে হবে।

প্রকৃতির নিজস্ব সৌন্দর্যে সেজে ওঠা চাকিরপশার বিল তাই শুধু দর্শনার্থীদের বিনোদনের স্থান নয়, স্থানীয় জীববৈচিত্র্য ও জলাভূমির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও সংরক্ষণ করা প্রয়োজন বলে মনে করছেন পরিবেশসচেতন মানুষ।