নেত্রকোনার মদন পৌর শহরের কেন্দ্রীয় বাজার মেইন রোডে একই দিনে দুুই দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

রোববার ভোরে আল-মদিনা সুপার মার্কেট ভাই ভাই ফার্ণিচার ও কোকারিজ ও মগড়া সেতুর পাশে রেনু মিয়ার মাছ ও পোল্ট্রি খাদ্যের দোকান অভিনব কায়দায়
দোকানের সাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

​দোকানের মালিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার ভোরে কোনো এক সময় চোর চক্রের সদস্যরা কেন্দ্রীয় বাজারের মেইন রোডের দোকানগুলোর সাটারের লক ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দোকানে থাকা ক্যাশ বাক্স ভেঙে সেখানে থাকা সমুদয় নগদ টাকা নিয়ে চম্পট দেয়।

​সকালে দোকানদাররা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে গিয়ে সাটারের তালা ভাঙা ও ভেতরে ক্যাশ বাক্স ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। একের পর এক দোকানে একই কায়দায় চুরির খবর ছড়িয়ে পড়লে বাজারে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও অসন্তোষ সৃষ্টি হয়।

​ব্যবসায়ীদের দাবি, রাতের আঁধারে পর্যাপ্ত নৈশপ্রহরী ও প্রশাসনিক নজরদারির অভাবে এ ধরনের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের দ্রুত সনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া টাকা উদ্ধারের পাশাপাশি বাজারে নৈশ টহল জোরদার করার জোর দাবি জানিয়েছেন বাজার পরিচালনা কমিটি ও সর্বস্তরের ব্যবসায়ীরা।

এ ব্যাপারে ভাই ভাই ফার্ণিচার ও কোকারিজ এর প্রোফাইটর রুবেল মিয়া জানান, শনিবার প্রতিদিনের ন্যায় ব্যবসা কার্যক্রম শেষে দোকান বন্ধ করে চলে আসি। সকালে দোকান খুলতে আসতে তালা খোলা অবস্থায় দেখতে পাই। আমরা ব্যবসায়ীরা মূলত আতঙ্কে অাছি। তবে সিসিটিভি ক্যামেরায় তিনজনকে দেখা যাচ্ছে এখনও তাদের সনাক্ত করা যাচ্ছে না। এ ব্যাপারে মদন থানায় অজ্ঞাত নামা কয়েকজনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তার ও মালামাল ও নগদ টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।