মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণার পরও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা কাটেনি। ইরানের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ প্রণালি অতিক্রম করতে ব্যর্থ হয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের দিকে ফিরে যাচ্ছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) সূত্র জানায়, প্রায় ৪০ দিন আটকে থাকার পর যুদ্ধবিরতির প্রেক্ষাপটে গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজের উদ্দেশে রওনা দেয় জাহাজটি। টানা প্রায় ৪০ ঘণ্টা যাত্রার পর শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান কর্তৃপক্ষের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। তবে সেই অনুমতি প্রত্যাখ্যাত হওয়ায় জাহাজটিকে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

Advertisement

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, নির্ধারিত প্রক্রিয়ায় অনুমতি চাওয়া হলেও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। কূটনৈতিক পর্যায়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে জাহাজটিকে শারজায় ফিরে যেতে বলা হয়েছে।

জাহাজে থাকা ৩১ জন নাবিক নিরাপদে আছেন বলে জানানো হয়েছে। তাদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। প্রতিদিন ১৮ টন পানি উৎপাদনের সক্ষমতা থাকলেও জ্বালানি সাশ্রয়ের কারণে ব্যবহার সীমিত করে আনা হয়েছে। পাশাপাশি নাবিকদের মনোবল বজায় রাখতে ভাতা ও খাদ্য বরাদ্দ বাড়ানো হয়েছে।

বিএসসির তথ্য অনুযায়ী, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে জাহাজটি। পরে কাতার থেকে পণ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। কিন্তু ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হলে জাহাজটির পরবর্তী যাত্রা পরিকল্পনা স্থগিত করা হয়।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পরও হরমুজ প্রণালিতে চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকায় আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে জ্বালানি ও পণ্য পরিবহন খাতে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।