ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত কূটনৈতিক সংলাপ স্থগিত করেছে ইরান—এমন দাবি উঠেছে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে। তবে এ বিষয়ে তেহরান বা ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি, ফলে পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

ইসরায়েলভিত্তিক দৈনিক জেরুজালেম পোস্ট তাদের প্রতিবেদনে দেশটির আরেক গণমাধ্যমের সূত্র উল্লেখ করে জানায়, চলমান যুদ্ধবিরতির শর্তে লেবাননকে অন্তর্ভুক্ত করার প্রশ্নে মতপার্থক্যের কারণে সংলাপ প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়, তেহরান চাইছে লেবানন-সংক্রান্ত ইস্যুগুলোও আলোচনার অন্তর্ভুক্ত হোক, যেখানে ইসরায়েল এই অবস্থানের বিরোধিতা করছে।

Advertisement

প্রায় ৪০ দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তি আলোচনায় রূপ দেওয়ার লক্ষ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠক নির্ধারিত ছিল। পূর্বঘোষণা অনুযায়ী, শুক্রবার সেখানে দুই দেশের প্রতিনিধিদের মুখোমুখি হওয়ার কথা ছিল।

এর আগে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রতিনিধি দলের ইসলামাবাদ যাত্রার কথা জানিয়েছিলেন। তবে পরবর্তীতে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়, যা সংলাপের অবস্থা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

এদিকে, সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে— এখন পর্যন্ত ইরান বা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে বলে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সংলাপ স্থগিতের এই অনিশ্চয়তার পেছনে আঞ্চলিক উত্তেজনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিশ্লেষকদের ধারণা। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে, যা শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় কূটনৈতিক মহল এখন উভয় পক্ষের আনুষ্ঠানিক অবস্থানের অপেক্ষায় রয়েছে।