সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৫ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। গত ১২ ও ১৩ আগস্ট (২০২৬) ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপি ও চেকপোস্টের টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মালামাল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবির কয়েকটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। এরমধ্যে সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা বিওপির বালুর মাঠ এলাকা থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ইয়াবা উদ্ধার করে বিজিবি। এছাড়া সাতক্ষীরা সদরের কালিয়ানী বিওপির পাকার মোড় এলাকা থেকে ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করা হয়। সদরের কুশখালী বিওপির বাঘমারা এলাকা থেকে ২ লাখ টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ উদ্ধার করে বিজিবি।

অপরদিকে সাতক্ষীরার কলারোয়া থানাধীন কাকডাঙ্গা বিওপির ভাদিয়ালি এলাকা থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ, মাদো বিওপির আমবাগান এলাকা থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ ও সাতক্ষীরা সদরের বাঁকাল চেকপোস্ট সংলগ্ন ঢালিপাড়া এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

বিজিবি জানায়, আটককৃত মালামালের সর্বমোট বাজারমূল্য ২৫ লাখ ৯০ হাজার টাকা। চোরাকারবারীরা শুল্ক কর ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে নিয়ে আসছিল।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান (ওএসপি, পিএসসি) জানান, “অবৈধ সীমান্ত বাণিজ্যের কারণে দেশীয় শিল্প চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের সুরক্ষায় বিজিবির এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।”

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী এই ঝটিকা অভিযানের ফলে স্থানীয় সর্বসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা বিজিবির এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন।