কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নিখোঁজের ২৮ঘণ্টা পর নূরিয়া খাতুন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মিরপুর উপজেলার শিমুলতলা এলাকার মীর আব্দুল করিম কলেজসংলগ্ন পদ্মা নদী থেকে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে,আজ বিকেল ৩টার দিকে স্থানীয়রা নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নূরিয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের আশিক শেখের মেয়ে।
ঈশ্বরদী লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক শফিকুল ইসলাম জানান,স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি নূরিয়ার বলে শনাক্ত করেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে পদ্মা নদীর পাড় ধসে দুই শিশু পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তৎক্ষণাৎ জামিলা খাতুন নামে এক শিশুকে জীবিত উদ্ধার করলেও নূরিয়া তীব্র স্রোতে তলিয়ে যায়।