১৫ বছরে পদার্পণ করলো দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘মাছরাঙা টিভি’। চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, আনন্দমুখর কেক কাটা এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে এ উৎসব।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি জি. এম. মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ও সঞ্চালনা বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম বলেন, “সূচনালগ্ন থেকেই মাছরাঙা টেলিভিশন নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে। তাদের বস্তুনিষ্ঠ সংবাদের কারণেই আজ দর্শকরা এই চ্যানেলটির প্রতি পূর্ণ আস্থা রেখেছেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, সঙ্গীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, পরিবেশ সংগঠক কাজী আব্দুস সবুর এবং বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সাংবাদিক এম. রফিক, বণিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, জিল্লুর রহমান, এবিএম মোস্তাফিজুর রহমান, ‘সাতক্ষীরার সকাল’-এর নির্বাহী সম্পাদক আমিরুজ্জমান বাবু, ফারুক রহমান, ইব্রাহীম খলিলসহ জেলার সাংবাদিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভা শেষে অতিথিরা আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরবর্তীতে সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে সাতক্ষীরা প্রতিবন্ধী বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ-ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।