অপরাধ দমন, সাইবার নজরদারি বৃদ্ধি এবং মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতির কথা ব্যক্ত করে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, চুরি, ডাকাতি, চোরাচালান ও মব সহিংসতার বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থান গ্রহণ করবে। কোনো পুলিশ সদস্য মাদকের সাথে সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নরওয়া হবে। একইসাথে যেকোনো ধর্ষণের ঘটনার প্রধান আসামি যে কোন রাজনৈতিক দলের হোক না কেনো, ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতারর সর্বোচ্চ চেষ্টা করা হবে।
সোমবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে জেলা পুলিশ আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডিআইজি ঘোষণা দেন, সোমবার থেকে রবিবার পর্যন্ত সপ্তাহব্যপী খুলনা রেঞ্জজুড়ে বিশেষ মাদকবিরোধী অভিযান শুরু হচ্ছে।
ডিআইজি আরও জানান, অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে জেলা পুলিশের সাইবার ইউনিটকে আধুনিকায়ন করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা অবৈধ জুয়া বা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত, তাদের বিরুদ্ধে দ্রুতই ডিজিটাল আইনে ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরা সীমান্ত এলাকা হওয়ায় সীমান্তপথে চোরাচালান ও মাদক পাচার রোধে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের কথা জানান তিনি।
সাংবাদিকদের নিরপেক্ষ ও স্বাধীন কাজের পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, অপরাধ দমনে গণমাধ্যম ও পুলিশের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের অপরাধ চিত্র তুলে ধরে পুলিশকে ব্যবস্থা নিতে সহায়তা করে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ সীমান্ত ঘাট, ট্রাফিক বিশৃঙ্খলা, থানায় সাধারণ মানুষের হয়রানি এবং ঝুলন্ত মামলাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন। পুলিশ কর্মকর্তারা এসব অভিযোগ গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, অর্থ সম্পাদক মুহা. জিল্লুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
এর আগে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান পুলিশ লাইন্স স্কুল প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন। পরবর্তীতে তিনি জেলা পুলিশের সদস্যদের সাথে বিশেষ দরবারে অংশ নিয়ে পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন।