উত্তর বঙ্গোপসাগর ও ভারতের পশ্চিমবঙ্গ-ওডিশা উপকূলসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, বর্তমানে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। এটি সর্বোচ্চ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে এবং পরবর্তী সময়ে ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য এলাকাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই; কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এর আগে ৫ জুলাই সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের অন্তত ১১টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১২ জুলাই পর্যন্ত চলতি মাসে স্বাভাবিক গড় বৃষ্টিপাতের প্রায় ৭৯ শতাংশ বৃষ্টি ইতোমধ্যে রেকর্ড হয়েছে।
তবে আবহাওয়াবিদদের মতে, নতুন এই লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত বাড়লেও আগের দফার মতো টানা ভারী বর্ষণ বা ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা আপাতত নেই। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদপ্তর এবং প্রয়োজন হলে পরবর্তী সময়ে নতুন সতর্কবার্তা জারি করা হবে।
