চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার পুরাতন থানা পাড়ায় দীর্ঘদিন ধরে অচল অবস্থায় থাকা একটি টিউবওয়েল সংস্কার ও পাড় নির্মাণ করে এলাকাবাসীর ব্যবহারের উপযোগী করে দিয়েছেন স্থানীয় যুবদল নেতা মো. আব্দুল্লাহ আল মামুন রিংকু।
বৃহস্পতিবার (১৮ জুন) ব্যক্তিগত উদ্যোগে টিউবওয়েলটির পাড় নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করা হয়। ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট অনেকটাই লাঘব হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
মো. আব্দুল্লাহ আল মামুন রিংকু দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বাংলা কলেজের সাবেক ছাত্রনেতা। তিনি জানান, জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে নিজ উদ্যোগে এ কাজ করেছেন।
রিংকু বলেন, “দর্শনা পৌরসভার ৯টি ওয়ার্ডে অচল হয়ে থাকা টিউবওয়েলগুলো পর্যায়ক্রমে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। টিউবওয়েলের পাড় নির্মাণের পাশাপাশি আশপাশের পরিবেশও উন্নত করা হবে, যাতে সাধারণ মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারেন।”
স্থানীয়রা তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার জনকল্যাণমূলক কাজে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
