চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের (২৫) নামে আরও এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার দুধপাতিলা রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে গুরুতর আহত আব্দুল কাদের দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনিপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেলে আব্দুল কাদের ও নিহত দুই যুবক একটি মোটরসাইকেলে করে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। বিকেল ৫টার দিকে তারা দামুড়হুদার দুধপাতিলা রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চাপাইনবয়াবগঞ্জগামী  ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই যুবকের নির্মম মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আব্দুল কাদেরের পা কেটে গিয়ে তিনি গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত কাদেরকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন শেখ জানান, খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।