দেশের শীর্ষ কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর নতুন মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. মো. মঞ্জুরুল কাদরি। কৃষি মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ কার্যকর হয়েছে।

দায়িত্ব গ্রহণের আগে তিনি বারির তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে কৃষি গবেষণার সঙ্গে যুক্ত ড. কাদরি তৈলবীজ ফসলের জাত উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গবেষণা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

বারি সূত্রে জানা যায়, ১৯৯২ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটিতে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং গবেষণা কেন্দ্রের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

ড. কাদরি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তৈলবীজ প্রজনন (Oilseed Breeding) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন বিষয়ে তিনি যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, স্পেন, ভারত, থাইল্যান্ড, কেনিয়া এবং ভিয়েতনামসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ, সেমিনার ও আন্তর্জাতিক কর্মশালায় অংশ নিয়েছেন।

তাঁর গবেষণাকর্ম দেশি-বিদেশি বিভিন্ন স্বীকৃত বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বিশেষ করে সরিষা, চিনাবাদাম ও অন্যান্য তৈলবীজ ফসলের উন্নয়নসংক্রান্ত গবেষণায় তাঁর অবদান কৃষি খাতে ব্যাপকভাবে স্বীকৃত।

কৃষি খাতসংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন দায়িত্বে ড. মঞ্জুরুল কাদরির নেতৃত্বে বারি গবেষণা, উদ্ভাবন এবং জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা, কৃষকের আয় বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড নতুন গতি পাবে।

বাংলাদেশের কৃষি গবেষণা ব্যবস্থাকে আরও আধুনিক ও ফলপ্রসূ করে তোলার লক্ষ্যে তিনি গবেষণা সম্প্রসারণ, প্রযুক্তি উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে অগ্রাধিকার দেবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।