নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৪৮) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার-নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা এবং আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন।

নওগাঁয় রেললাইনের পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার
নিহতের ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার ভাইয়ের সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়েছিল। এশার নামাজের পর তিনি বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন। পরে আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নওগাঁ শহরের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
তিনি অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তার ভাইকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
