চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার হারুন অর রশিদের নেতৃত্বে একটি টহল দল মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় নিয়মিত চোরাচালানবিরোধী টহলে বের হয়। টহল চলাকালে রাত প্রায় ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬৩ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গণির বাঁশঝাড়ের পাশে মাটির নিচে একটি আগ্নেয়াস্ত্র পুঁতে রাখা হয়েছে।

সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে একটি বিদেশি তৈরি সচল ৭.৬৫ বোরের পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে থাকা তিন রাউন্ড গুলি উদ্ধার করেন।

উদ্ধারকৃত পিস্তলের গায়ে ইংরেজিতে “MADE IN ITALY” লেখা ছিল। এছাড়া গুলিগুলোর তলায় “KF 7.65” খোদাই করা ছিল বলে বিজিবি জানিয়েছে।

পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে ৫৮ বিজিবির মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং উদ্ধারকৃত পিস্তল ও গুলি থানায় জমা দেন।

তিনি বলেন, “সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অস্ত্রটির উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অস্ত্রটির উৎস ও সম্ভাব্য ব্যবহারকারীদের শনাক্তে অনুসন্ধান চালাচ্ছে।