“সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমহীন সম্ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায় ও বিশ্ব ডাক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘর থেকে একটি র্যালি বের হয়ে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জনসচেতনতা তৈরি ও ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ডাক সপ্তাহ পালন লক্ষ্যে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার জিনাত রেহানা, ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘর পরিদর্শক বিশ্বজিৎ দত্ত, রুবেল চন্দ্র দাস, সহকারি পোস্ট মাস্টার মোঃ হারুন অর রশিদ, লিটন চন্দ্র সরকার, একাউন্টেন্ট মোঃ কামাল হোসেন, সহকারী একাউন্টেন্ট বিমন চন্দ্র সাহা, বাংলাদেশ পোস্ট ম্যান নিম্নমান কর্মচারী ইউনিযনের সভাপতি মোঃ কুরবান আলীসহ ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় বক্তারা বলেন, আগের তুলনায় ডাকঘরের সেবা এখন অনেক সহজ ও দ্রæত হচ্ছে। প্রচলিত চিঠিপত্র আদান-প্রদানের পাশাপাশি পার্সেল, বিমা, সঞ্চয়পত্র, ইজিপি ও স্পিড পোস্টসহ বিভিন্ন সেবা চালু রয়েছে। এসব সেবার মাধ্যমে গ্রাহকদের কাছে দ্রæত সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করছে ডাক বিভাগ।
তারা আরো বলেন, স্বল্প সময়ে ও তুলনামুলক কম খরচে বিদেশে পার্সেল পাঠানো এবং বিদেশ থেকে পার্সেল গ্রহনের সুযোগ রয়েছে। আধুনিক প্রযুক্তি ও উন্নত সেবার মাধ্যমে ডাক বিভাগের কার্যক্রমকে আরো জনবান্ধব করার উদ্যোগ নেয়া হচ্ছে। বক্তারা ডাক বিভাগের সেবা সম্পর্কে জনসাধারণকে সচেতন হওয়ার পাশাপাশি এসব সেবা গ্রহণের আহবান জানান।
