‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) মোহনগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে তিন দিনব্যাপী (১৯ মে থেকে ২১ মে পর্যন্ত) ভূমি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, অফিসার ইনচার্জ মো. হাফিজুল ইসলাম হারুন, উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, উপজেলা প্রকৌশলী একরামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা, তহশিলদার মো. আব্দুস সামাদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিব।

বক্তারা বলেন, অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করা সম্ভব। নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য জেনে ভূমি-সংক্রান্ত নানা কাজ সহজেই সম্পন্ন করা যাবে। স্মার্ট সেবা বাস্তবায়নে প্রতিটি নাগরিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ভূমি সেবাকে আরও এগিয়ে নিতে জনসাধারণের প্রতি আহ্বান জানান বক্তারা।