ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে থাকা ৩ মাসের সাজাপ্রাপ্ত কয়েদি মরন মিয়া-(৪০) মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত মরন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়জিদ মিয়ার ছেলে। ইয়াবা সেবন মামলায় তিনি ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী হিসেবে কারাগারে ছিলেন।
হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, সোমবার সকালে কারাগারে নাস্তা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মরন মিয়া। এ সময় কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে দ্রæত তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগারের চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন তানভীর জানান, অসুস্থ হওয়ার পরপরই মরন মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর তার প্রেসার, পালস ও অক্সিজেন লেভেল পাওয়া যাচ্ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার জানান, ইয়াবা সেবন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ৯ মে মরন মিয়া কারাগারে আসেন। সোমবার সকালে তিনি অসুস্থবোধ করলে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে তার লাশ রাখা হয়েছে।