আগামীকাল শনিবার (১৬ মে) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের উদ্দেশ্যে সড়কপথে ঢাকা থেকে রওনা করবেন।

পথিমধ্যে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের লাকসাম অংশের মুদাফরগঞ্জ বাজারে কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওইদিন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন‍্য সমবেত হবেন।

এছাড়াও এখানে একটি পথসভার আয়োজন করেছেন লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়েছে, শনিবার প্রধানমন্ত্রী সড়ক পথে চাঁদপুর উদ্দেশ্যে সকাল সাড়ে ৮ টায় ঢাকা থেকে রওনা করবেন। একই সড়কের পথিমধ্যে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগদান করবেন তিনি। একই পথে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা (দক্ষিণ) ইউনিয়নের উয়ারুক বাজার সংলগ্ন খাল পুনঃখনন উদ্বোধন, চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল খননের উদ্বোধন করবেন। পরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ এবং সবশেষে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান করে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এদিকে প্রধানমন্ত্রী চাঁদপুর সফরে যাওয়ার সময় পথিমধ্যে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জ বাজারে নির্ধারিত কোনো কর্মসূচি না থাকলেও কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামের ঐকান্তিক প্রচেষ্টা ও একান্ত অনুরোধে প্রধানমন্ত্রী মুদাফরগঞ্জ বাজারে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য প্রদান করতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সুজন সাহা।

লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজার হয়ে চাঁদপুর যাওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রীর ওই আগমন উপলক্ষে লাকসামের মুদাফরগঞ্জ বাজারে একটি পথসভার আয়োজন করেছেন লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ওই পথসভা সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে লাকসামে বিএনপির প্রধান কার্যালয়ে দলের লাকসাম উপজেলা, পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।

এ সময় অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ডাকসু’র সদস্য ও বিএনপি নেতা ডক্টর রশিদ আহমেদ হোসাইনী, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক মো.আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক মনির আহমেদ, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক মিল্টন প্রমূখ।