প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত গৌরবোজ্জ্বল সাফল্য প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কিউএস প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিং-২০২৭’ এবং টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিং-২০২৭-এ গাকৃবির উল্লেখযোগ্য অবস্থান অর্জনের সাফল্য প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরের ভবানীপুরস্থ আলহাজ্ব আব্দুল মালেক মেমোরিয়াল হিফজত মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিল এবং এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন উপাচার্য।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত গৌরবোজ্জ্বল সাফল্য তাঁকে উৎসর্গ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর ‘দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ও ‘করব কাজ, গড়ব দেশ: সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রের সঙ্গে একাত্ম হয়ে গাকৃবি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রতিটি অর্জনই একটি উন্নত, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ের সঙ্গে সম্পৃক্ত।”

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি আমাদের গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতার এক অনন্য রাষ্ট্রীয় অর্জন। প্রধানমন্ত্রীর জন্মদিনে এসব সাফল্য তাঁকে উৎসর্গ করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।”

আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সাফল্য তুলে ধরে উপাচার্য জানান, আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়নকারী সংস্থা কিউএস প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিং-২০২৭’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে গাকৃবি। একই র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৯৩তম এবং এশিয়ায় ৩২২তম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। পরিবেশগত গবেষণায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান বিশ্বে ৫৮তম।

এ ছাড়া যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা ও গবেষণাবিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিং-২০২৭’-এ দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে গাকৃবি। গবেষণায় সেন্টার অব এক্সিলেন্স হিসেবে খ্যাত বিশ্ববিদ্যালয়টির এ অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপাচার্য তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “তার জন্মদিনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশের কৃষি, শিল্প, শিক্ষা, সাহিত্য ও সামাজিক উন্নয়নে তাঁর নেতৃত্বে দেশ যে এগিয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”

তিনি আরও বলেন, “দেশের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের সুযোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম আহমাদ, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং হিফজসহ ইসলামী শিক্ষার বিভিন্ন স্তরে অধ্যয়নরত ৪৬ জন এতিম শিশু উপস্থিত ছিলেন।

পরে মাদ্রাসার প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে উপাচার্য নিজ হাতে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।