বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি আইপিএস ও একটি ইসিজি মেশিন দিয়েছে বিএনপির একাংশ। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের অংশ হিসেবে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো হাসপাতালে এসব উপহার দেয়।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ মুশফিকুর রহমানের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে মনিয়ন্দ ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আইপিএস ও একটি ইসিজি মেশিন প্রদান করা হয়। দুপুরে জুমার নামাজের পর হযরত শাহপীর কল্লা শহীদ (র.) এর মাজারে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, রহমান ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর মুফতি নূরুল ইসলাম, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শওকত হোসেন খান সোহাগ, সাবেক কাউন্সিলর মন্তাজ মিয়া, কৃষক দলের সাবেক নেতা ইয়ার হোসেন শামীম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শেখ আমজাদ হোসেন বাবু, শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহম্মদ, যুবদল নেতা আসাদিক ভূইয়া গালিব ও দেলোয়ার হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
তারেক রহমানের জন্মদিনে আখাউড়া হাসপাতালে আইপিএস ও ইসিজি মেশিন দিলো বিএনপি