জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার বাউশী ঋষিপাড়া গ্রামে মদ বানানো ও বিক্রি বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকালে পৌর এলাকার বাউশী ঋষি পাড়া সংলগ্ন বাউশী-কেন্দুয়া প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ‘মাদক নির্মূল সমাজ চাই’, ‘মাদককে না বলুন’ ও ‘শান্তিতে থাকতে চাই’ স্লোগান বিক্ষোভ মিছিল করেন স্থানীয় ঋষি পাড়া গ্রামের মানুষেরা। মিছিল শেষে তারা বাউশী-কেন্দুয়া প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধনে অভিযোগ করা হয়, বাউশী ঋষিপাড়ায় দীর্ঘদিন ধরে একাধিক পরিবার মদ বিক্রি, বানানো ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন বয়সের ছেলেদের কাছে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। ফলে যুব সমাজ প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে। রাস্তায় স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা চলাচল করতে পারে না মাদকসেবিদের জ্বালায়। কয়েকটি পরিবারের জন্য পুরো পাড়ার নাম নষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও তারা উপস্থিত হয়নি। এর প্রতিবাদে বাউশী ঋষিপাড়া ও সচেতন এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করেন তারা।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাউশী ঋষিপাড়া গ্রামের সভাপতি শ্রী লক্ষী ঋষি, নির্মল ঋষি, কমল ঋষি, ললিতা রানী, রবি ঋষি, ননি দাস গোপাল, ঝর্না রানী, শ্যামল, আকাশ, বুদু, চন্দন, বিকাশ ও নিতাই। এসময় তারা এলাকায় মাদক বিক্রি ও সেবন বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে ঋষি বাড়ীর জয় চন্দ্র বলেন, আমরা যুব সমাজ চাই এলাকা থেকে মাদক বিক্রি বন্ধ হোক। সকলের সহযোগীতায় এটা সম্ভব হবে। কারো সাথে পূর্ব শত্রুতা না করে সবাই একত্র হয়ে কাজ করতে হবে।