ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ৮ টি এসি’র কপার পাইপ চুরি হয়েছে। গত বুধবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নৈশপ্রহরী ইমরান-(২২) নামক ১ যুবককে আটক করার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। চুরি করে নেয়া এই পাইপগুলির মূল্যে ৭/৮ লাখ টাকা বলে জানা যায়।
জেলা কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আশিকুল ইসলাম জানান, মসজিদের নিচতলা ও দু’তলায় ৫ টনের মোট ৩৮ টি এসি রয়েছে। এর মধ্যে ৮টি এসির কপার পাইপ চুরি হয়েছে। মসজিদের দোতলায় লাগানো এসব এসির আউটডোর ৩ তলার ছাদে স্থাপিত। দু’তলা থেকে ৩ তলা পর্যন্ত দীর্ঘ এসির কপার পাইপগুলো গত ক’দিন ধরেই চোর কেটে নিচ্ছে।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এসির কপার পাইপ কেটে নেয়ার সময় মসজিদ রোডের নৈশপ্রহরী একজনকে আটক করে। থানায় খবর দিলে পুলিশ সেখানে পৌছে ইমরান নামক চোরকে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে যাওয়া সদর মডেল থানার এসআই সঞ্জিব কুমার পাল জানান, আটক ইমরানের বাড়ি আখাউড়া বড়বাজার রেলগেইট সংলগ্ন মেথরপট্টিতে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আরো জানান, এসি’র কপার পাইপ ছাড়াও মসজিদের পানির টেপ চুরি হয়েছে। জুতা চুরির ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এদিকে মসজিদ ছাড়া আশপাশের কয়েকটি ব্যাংকের এসি’র কপার পাইপ চুরি হয়েছে।