মেহেরপুরের পৃথক দুটি সীমান্তে অভিযান চালিয়ে ১৫ লাখ ৬৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৫ নভেম্বর) ভোর ও মধ্যরাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ও মথুরাপুর সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার ভোর ৪টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ শেওড়াতলা হাড়াভাঙ্গা মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ ও ৪ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩০ হাজার টাকা। এর আগে রাত সাড়ে ১২টার দিকে মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ মথুরাপুর মাঠ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ, ৫৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৬০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৩০ পিস চকলেট বাজি ও ৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫৫০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।