গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকে পড়েছে শত শত যানবাহন, ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এলাকার কয়েকটি শিল্পকারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

সকাল ৯টা থেকে সড়কে অবস্থান

স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ কারখানার সামনে শ্রমিকেরা জড়ো হতে শুরু করেন। পরে বিভিন্ন স্লোগান দিয়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন। মাসিক বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

শ্রমিকদের অবস্থানের কারণে মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়া যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ছুটি ঘোষণা কয়েকটি কারখানায়

শ্রমিক আন্দোলনের কারণে চন্দ্রা ও আশপাশের এলাকার কয়েকটি শিল্পকারখানা ছুটি ঘোষণা করেছে। এর মধ্যে ইন্টারস্টফ, ইকোটেক্স, অ্যাপেক্স ফুটওয়্যার ও সদমাসহ বেশ কয়েকটি কারখানা রয়েছে।

শ্রমিকদের সরানোর চেষ্টা পুলিশের

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মুর্শেদ জানান, শনিবার সকালে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। অন্যদিকে সড়ক অবরোধমুক্ত করতে পুলিশও চেষ্টা চালিয়ে যাচ্ছে।