বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের আয়োজনে দুই দিনব্যাপি বার্ষিক ক্যাম্প ও নতুন সদস্যদের দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাকৃবির টিএসসির দ্বিতীয় তলায় রোভার স্কাউট গ্রুপের কার্যালয়ে ওই অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুই দিনব্যাপী ওই আয়োজন শুরু হয়।

এসময় বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও ক্যাম্পের পরিচালক কৃষিবিদ ড. মো. জহিরুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. আবদুল আলীম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকৃবি স্কাউটার্স কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ছাদেকা হক এবং ড. মো. নাজমুল হক।

দুইদিনের ওই ক্যাম্পে ৫৫ জন রোভার স্কাউট অংশ নেন এবং ১০ জন নতুন সদস্য দীক্ষা নিয়ে রোভার স্কাউটে যোগ দেন। তাঁদের স্কাউট দক্ষতাবিষয়ক বিভিন্ন সেশন, হাইকিং ও প্রাথমিক প্রতিবিধানের ওপর হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে স্কাউটের প্রথা অনুযায়ী নবনিযুক্ত এই উপদেষ্টাকে স্কাউটের শপথবাক্য পাঠ করানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণদের সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং ও দীক্ষা অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোভার স্কাউটের বার্ষিক ক্যাম্প রোভারিং কার্যক্রমকে আরও একধাপ এগিয়ে নেবে। ক্যাম্পের শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়নেই নয়, সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখবে।”

তিনি আরও বলেন, বাকৃবি রোভার স্কাউট গ্রুপের শিক্ষার্থীরা দেশে ও বিদেশে গৌরবের সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে এবং আগামীতে রোভার স্কাউটের সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের জন্য আরও ভূমিকা পালন করবে।