কক্সবাজারের স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম টেলিগ্রাম নিউজ এর কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি এবং সাংবাদিকদের লাঞ্ছিত করার উসকানি দেওয়ার অভিযোগে রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি মোর্শেদুল হককে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

স্থানীয় ও দলীয়সূত্রে জানা গেছে, আদালত প্রাঙ্গণে সাংবাদিক এরফানের ওপর ছাত্রদল নেতা রহিমুল্লাহ খান রানার নেতৃত্বে হামলা ও হেনস্তার একটি ঘটনা ঘটে। এ বিষয়ে টেলিগ্রাম নিউজএ সংবাদ প্রকাশিত হলে তা সরিয়ে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। এরই জেরে গত বুধবার দুপুরে মোর্শেদুল হক তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংবাদমাধ্যমটির কার্যালয় ‘প্রথম আলোর মতো জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন এবং সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার উসকানিমূলক পোস্ট দেন।

ঘটনা প্রসঙ্গে ভুক্তভোগী সাংবাদিক এরফান অভিযোগ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতা রহিমুল্লাহ খান রানার নেতৃত্বে একটি দল মব সৃষ্টি করে আমার ওপর হামলা চালায় ও হেনস্তা করে এবং প্রকাশ্যে অফিস জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।

এ বিষয়ে যাযযায়দিন এর কক্সবাজার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জাবেদ আবেদীন শাহীন বলেন, সত্য সংবাদ প্রকাশের জেরে গণমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার প্রকাশ্য হুমকি এবং সাংবাদিকদের মারধরের উসকানি দেওয়া সরাসরি ফৌজদারি অপরাধ ও মুক্ত গণমাধ্যমের ওপর নগ্ন হামলা।
তিনি আরো বলেন,প্রকাশিত সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে নিয়মতান্ত্রিক ও আইনি পথে প্রতিবাদ জানানোর সুযোগ রয়েছে। তা না করে প্রকাশ্যে হুমকির পথ বেছে নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভয়ভীতি দেখিয়ে বা অফিস পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করা যাবে না।

এদিকে, অভিযুক্ত ছাত্রদল নেতা মোর্শেদুল হকের বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিয়ে কক্সবাজারের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে কয়েক ঘণ্টার ব্যবধানে জরুরি সাংগঠনিক ব্যবস্থা নেয় জেলা ছাত্রদল। বিজ্ঞপ্তিতে মোর্শেদুল হককে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়। জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গণমাধ্যমকর্মীদের হুমকি দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত কারও ঠাঁই ছাত্রদলে হবে না।