নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) দুপুরে নেত্রকোনা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই মামলার অপর আসামি সাগরের ভাই মামুন মিয়াকে খালাস দেওয়া হয়েছে।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিশুর মা। তাঁর কাছে আদালতের রায়ের খবর পৌঁছানোর পর তিনি স্বস্তি প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
মুঠোফোনে শিশুটির মা বলেন, ‘আমি আমার মেয়ে ও নাতিকে নিয়ে সিলেটে বসবাস করছি। বুধবার আদালত থেকে আমাকে ফোন করে জানানো হয়েছে, সাগরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খবরটি শুনে আলহামদুলিল্লাহ বলেছি। আমি রায়ে সন্তুষ্ট। সরকারের প্রতি কৃতজ্ঞ। ন্যায়বিচারের আশায় অপেক্ষা করছিলাম, আজ তা পেয়েছি। তবে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানাই।’
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নূরুল কবির কবীর রুবেল। তিনি জানান, গত ২৮ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত ১২ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন।
মামলার শুনানির সময় প্রধান আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর নিজের জীবনের সমস্ত সম্পত্তি, অর্থাৎ ১২ শতাংশ জমি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তি দেওয়ার আকুতি জানিয়েছিলেন বলে জানা গেছে। তবে আদালত তাঁর সেই প্রস্তাব গ্রহণ করেননি।
মাদ্রাসায় ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ১১ বছর বয়সী ওই শিক্ষার্থীকে মাদ্রাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভয়ে শিশুটি বিষয়টি গোপন রাখে। একপর্যায়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।
পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ করেন পরিবারের সদস্যরা। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নেওয়া হলে শিশুটি অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হন তাঁরা। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে আমান উল্লাহ সাগর ও তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।
র্যাবের অভিযানে গ্রেপ্তার, ডিএনএ পরীক্ষায় পিতৃত্বের প্রমাণ
মামলাটি দায়েরের পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার ছায়াতদন্ত শুরু করে র্যাব-১৪। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁকে তিন দিনের রিমান্ডেও নেয়।
আইনি প্রক্রিয়া চলাকালে গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় শিশুটি। নবজাতকের নাম রাখা হয় মরিয়ম।