ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত ধর্মঘটের পোস্টার সাঁটানোর পর ছবি তোলার সময় আরিফ হাসান নামে সংগঠনটির এক নেতাকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক আরিফ হাসান সমির উদ্দীন স্মৃতি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় আমিরুল ইসলামের ছেলে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী জানান, আরিফ কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর পর বাইরে থেকে ছবি তুলছিলেন। এ সময় ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ইলিয়াস আলী বলেন, সকাল থেকেই বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। আটক করার সময় আরিফ নিজেকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাঠে থাকার কথা বলেছিলেন বলেও দাবি করেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ছাত্রদলের এই নেতা।

তিনি আরও বলেন, বালিয়াডাঙ্গী উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাকিম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।