ঝালকাঠিতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (সিসিপ) এর সামাজিক প্রচার কর্মসূচির আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিসিপ কর্মসূচির জেন্ডার স্পেশালিস্ট জিনাত রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি ও নারী-শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাড. মো. আককাস সিকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন এবং জেলা শিক্ষা অফিসার মো. আবু ছাঈদসহ আরও অনেকে। 

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত সিসিপ কর্মসূচির মাধ্যমে দেশের ৬৪টি জেলার প্রায় ৪০০টি প্রশিক্ষণ কেন্দ্রে ২৯টি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে ১৬০টি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

১৮ থেকে ৫৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিকেরা এসব প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে দৈনিক ১৫০ টাকা ভাতা, নারীদের জন্য ৩০ শতাংশ আসন সংরক্ষণ এবং কিছু কোর্সে আবাসিক সুবিধা রয়েছে। প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিক সনদের মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টিও কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় আরও জানানো হয়, সিসিপের আওতায় অ্যাডভান্সড টেকনিক্যাল ট্রেনিং, এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট ও স্কিলস ট্রেনিংসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের সুযোগ রয়েছে। প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্যও অগ্রাধিকার ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

কর্মসূচির মূল লক্ষ্য শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং তরুণ ও কর্মপ্রত্যাশীদের দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড (চ্যানেল আই) এবং অর্থ বিভাগের আয়োজনে এ কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।