নেত্রকোনার মদনে সড়ক পারাপারের সময় গরুর ধাক্কায় ইজিবাইক উল্টে আনোয়ারা আক্তার (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পৌর সদরের নেত্রকোনা-মদন সড়কের সিএনজি স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারা আক্তার তাঁর নাতনি পৃথি আক্তারকে নিয়ে জাওলা গ্রাম থেকে ইজিবাইকে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে সিএনজি স্টেশন এলাকায় ভূঁইয়া বাড়ির কয়েকটি গরু রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি উল্টে যায় এবং আনোয়ারা আক্তার সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. দিলসাদ নাসিম দীপ্তি তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে নিহতের নাতনি পৃথি আক্তার বলেন, ‘আমি ও দাদি জাওলা গ্রাম থেকে অটোরিকশায় উপজেলা সদরে আসছিলাম। সিএনজি স্টেশন এলাকায় ভূঁইয়া বাড়ির কয়েকটি গরু রাস্তা পার হওয়ার সময় অটোর সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোটি উল্টে যায় এবং দাদি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম জানান, সড়ক দুর্ঘটনায় আনোয়ারা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।