৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন মদন উপজেলার হাঁসের হ্যাচারি উদ্যোক্তা ইয়াছিন মিয়া। রোববার নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন এবং জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ইয়াছিন মিয়া বলেন, ‘এই সম্মাননা আমার কাজকে আরও গতিশীল ও উৎসাহিত করবে। হাঁসের হ্যাচারি নিয়ে কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে আমি একটি বই প্রকাশ করেছি। আমি চাই, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় বইটি জাতীয় পর্যায়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হোক। পাশাপাশি জাতীয় পর্যায়েও সম্মাননা পাওয়ার প্রত্যাশা করছি।’

স্থানীয় পর্যায়ে হাঁসের হ্যাচারি উদ্যোক্তা হিসেবে কাজের স্বীকৃতিস্বরূপ পাওয়া এ সম্মাননা তাঁর ভবিষ্যৎ উদ্যোগকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।