দক্ষ যুবশক্তি গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নের প্রত্যয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে হোসেনপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম শিহাব, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলীমুল রাজী, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মানসুরুল হক রবিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন এবং সদস্যসচিব আল আমিন ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও কর্মমুখী জনশক্তিতে পরিণত করতে হবে। তরুণদের শুধু চাকরির প্রত্যাশী না হয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠারও আহ্বান জানান তাঁরা। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও উদ্যোক্তা তৈরির বিভিন্ন সরকারি কর্মসূচির সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুব প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের আয়োজন সম্পন্ন হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, যুবসমাজের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব হবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।