নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহ্যবাহী রানীখং ধর্মপল্লী থেকে প্রায় ৪০ কেজি ওজনের একটি গির্জার ঘণ্টা চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সীমান্তবর্তী রানীখং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্মপল্লীর কর্তৃপক্ষ দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানীখং এলাকায় সেন্ট জোসেফ ধর্মপল্লী নামে একটি খ্রিষ্টধর্মীয় উপাসনালয় রয়েছে। ১৯১২ সালে প্রতিষ্ঠিত এ উপাসনালয়টি স্থানীয় খ্রিষ্টধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এর সঙ্গে রয়েছে রানীখং প্রাথমিক বিদ্যালয় ও রানীখং উচ্চবিদ্যালয়।

ধর্মপল্লীর সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রতিদিন রাতের বেলা উপাসনালয়ের ঘণ্টা বাজিয়ে প্রার্থনার সময়সূচি জানানোর রীতি রয়েছে। তবে বৃহস্পতিবার সকালে প্রার্থনার উদ্দেশ্যে ধর্মপল্লীতে গিয়ে তাঁরা নির্ধারিত স্থানে ঘণ্টাটি দেখতে পাননি। পরে বিষয়টি ধর্মপল্লীর ম্যানেজার পলিনিউস ক্রুজসহ সংশ্লিষ্টদের জানানো হয়। ঘণ্টাটি চুরি হয়েছে বুঝতে পেরে ধর্মপল্লীর কর্তৃপক্ষ থানায় মামলা করে।

ধর্মপল্লীর ম্যানেজার পলিনিউস ক্রুজ বলেন, ঐতিহ্যবাহী রানীখং ধর্মপল্লীতে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। বৃহস্পতিবার সকালে প্রার্থনার জন্য গিয়ে তাঁরা ঘণ্টাটি খুঁজে পাননি। চুরি হওয়া ঘণ্টাটির ওজন প্রায় ৪০ কেজি এবং এর আনুমানিক মূল্য এক লাখ টাকার বেশি।

এদিকে চুরির খবর পেয়ে নেত্রকোনা জেলা পুলিশ সুপার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, চুরির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের পাশাপাশি অপরাধ তদন্তে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি সংঘবদ্ধ কোনো চোরচক্রের কাজ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।

ধর্মপল্লীর নিরাপত্তার বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উদ্যোগ নিয়েছেন বলে জানান ওসি খন্দকার শাকের আহমেদ। তাঁর ভাষ্য অনুযায়ী, ধর্মপল্লীর আশপাশে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হয়েছে।

চুরি হওয়া ঘণ্টা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।