ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ মেডিকেল কলেজে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) কলেজের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিটি গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনে থেকে শুরু হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মোর্শেদ মোল্লা।

র‍্যালিতে মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন বহন করেন। পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষা-প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।