জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী মধ্যেরচর এলাকা থেকে মাদকগুলো উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৫ বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে পাথরের চর বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১০৭৭-এর কাছাকাছি মধ্যেরচর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি বিজিবি।
৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মদের ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।