রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ ১৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে এবং এ মামলায় কারাগারে থাকা ১০ আসামিকে ওইদিন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশানের বাসা থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়।

মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে। তাদের মধ্যে পলাতক ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

প্রসিকিউশনের তথ্যমতে, শাপলা চত্বরের ঘটনায় ৬১ জন নিহতের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তদন্তে পরিকল্পনা, ষড়যন্ত্র, সরাসরি অংশগ্রহণ এবং কিছু আসামির অতিরিক্ত বিচারবহির্ভূত স্বীকারোক্তির তথ্যও পাওয়ার দাবি করেছে প্রসিকিউশন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ মামলার তদন্ত শুরু হয়। ২০২৪ সালের আগস্টে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর নতুন করে তদন্ত কার্যক্রম শুরু হয়।