ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা প্রায় এক একর সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে ত্রিশাল থানা পুলিশ ও ত্রিশাল পৌরসভা সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ত্রিশাল পৌরসভার রামপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১১৮ শতাংশ সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারের দখল পুনঃপ্রতিষ্ঠা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে রামপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, ত্রিশাল পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ত্রিশাল থানা পুলিশের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ অভিযানে অবৈধ স্থাপনা অপসারণের পাশাপাশি সেখানে সরকারি মালিকানার সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।”

তিনি আরও বলেন, সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।