সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অপপ্রচার চালানোর অভিযোগে গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির এক নেতার দায়ের করা মামলায় মেহেদী হাসান বিজয় (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার (১৫ জুলাই) রাতে মহানগরীর কোনাবাড়ী থানার জরুন এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া মেহেদী হাসান বিজয় ৭ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি প্রয়াত মোসলেম উদ্দিনের ছেলে। প্রাথমিক তদন্তে অভিযোগের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মামলার বাদী গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির নেতা মোশাররফ হোসেন অভিযোগ করেন, ‘লিপি আক্তার’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন মানহানিকর পোস্ট প্রকাশ করা হয়। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা তার ব্যক্তি ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ ঘটনায় তিনি গত ৮ জুলাই জিএমপি সদর থানায় মামলা দায়ের করেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার ঘটনা বাড়ছে। এ ধরনের অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর তদন্তের পাশাপাশি আইনি ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গাজীপুর মহানগর বিএনপি নেতাকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, যুবক কারাগারে