‎‎টানা ভারী বর্ষণে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ঘরবাড়ি, সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে মাঠে নেমেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

‎বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে তিনি কাশিমপুরসহ মহানগরের বিভিন্ন জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন, জলাবদ্ধতার কারণে সৃষ্ট সমস্যা সম্পর্কে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির চিত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

‎পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় ত্রাণ ও জরুরি সহায়তা দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে মানবিক দায়িত্ববোধ থেকে তিনি পানিবন্দী অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

‎এ সময় তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। গাজীপুর সিটি কর্পোরেশন ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। প্রয়োজনীয় ত্রাণ, খাদ্য সহায়তা ও অন্যান্য জরুরি সেবা নিশ্চিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো মানুষকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না।”

‎তিনি আরও জানান, জলাবদ্ধতা নিরসন, ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিটি কর্পোরেশনের তদারকি ও সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

‎এদিকে, প্রশাসকের উপস্থিতি ও দ্রুত সহায়তা কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, দুর্যোগের এই সময়ে প্রশাসক নিজে মাঠে এসে মানুষের খোঁজখবর নেওয়া এবং তাৎক্ষণিক খাদ্য সহায়তা দেওয়ায় পানিবন্দী পরিবারগুলোর মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানান।

‎স্থানীয়দের প্রত্যাশা, জরুরি ত্রাণ সহায়তার পাশাপাশি স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ভবিষ্যতে বর্ষা মৌসুমে এমন দুর্ভোগ থেকে নগরবাসী মুক্তি পাবে।