দেশের বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ ও পুনর্বাসনে সহায়তা দিতে মানবিক উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। এ উদ্যোগের অংশ হিসেবে জেলার পাঁচটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের এক মাসের মূল বেতন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতন ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন প্রথমে নিজের এক মাসের মূল বেতন ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দেন। পরে উপস্থিত অন্য সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা এ উদ্যোগের প্রতি সমর্থন জানান।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর থেকে নির্ধারিত অর্থ সংগ্রহ করে সরকারি ত্রাণ তহবিলে জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে অংশগ্রহণ করছেন। তাদের আশা, গাজীপুরের এই উদ্যোগ দেশের অন্যান্য জেলা ও সরকারি প্রতিষ্ঠানের জন্যও একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠবে।

প্রশাসনের কর্মকর্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। এ ধরনের সম্মিলিত উদ্যোগ দুর্যোগ-পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে।