টানা ছয় দিনের ভারী বর্ষণে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় উপজেলার অন্তত ১০টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা জানিয়েছেন। অনেক বাড়িতে তিন থেকে চার ফুট পর্যন্ত পানি জমে থাকায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। পাশাপাশি দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
শনিবার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা এবং সদস্য সচিব মো. হাফিজ আব্দুর রহিম। এ সময় তারা ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে যুবদল নেতারা জানান, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের সঙ্গে আলোচনা করেছেন।
মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা বলেন, যেসব এলাকায় পানি আটকে রয়েছে, সেখানে দ্রুত বড় আকারের পাইপ স্থাপন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে উপজেলা চত্বরসংলগ্ন পুরোনো খাল পুনঃখনন করা হলে দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। এ বিষয়ে সংসদ সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
মো. হাফিজ আব্দুর রহিম বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত জলাবদ্ধতা নিরসন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা চলছে।
ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক পরিবার ঘরের ভেতরে পানি জমে থাকায় রান্না, শিশু ও বয়স্কদের চলাচল এবং দৈনন্দিন কাজকর্মে চরম ভোগান্তির মুখে পড়েছে। বিশুদ্ধ পানির সংকটও দিন দিন তীব্র হচ্ছে।
তাদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, খাল পুনঃখনন, প্রয়োজনীয় স্থানে বড় আকারের পাইপ স্থাপন, পর্যাপ্ত ত্রাণ বিতরণ এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হোক।
পরিদর্শনকালে স্থানীয় গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা বলেন, জলাবদ্ধতা নিরসনে স্থায়ী অবকাঠামোগত ব্যবস্থা গ্রহণ না করলে প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটবে।