‎‎গাজীপুর মহানগরীতে হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যকে ‘অসত্য ও অতিরঞ্জিত’ দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। পুলিশের ভাষ্য, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য জনমনে অযথা নিরাপত্তাহীনতা ও আতঙ্ক সৃষ্টি করতে পারে। তাই সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার।

‎সোমবার জিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে গত মে মাসে গাজীপুর মহানগরীতে ১৭টি হত্যাকাণ্ডের দাবি করা হয়েছে। অথচ জিএমপির নথি অনুযায়ী ওই মাসে হত্যা মামলা রুজু হয়েছে মাত্র পাঁচটি।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিবেদনে মাত্র দুটি হত্যাকাণ্ডের বর্ণনা দেওয়া হলেও বাকি ১৫টি ঘটনার কোনো স্থান, সময় বা তথ্য উপস্থাপন করা হয়নি। ফলে প্রকাশিত তথ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

‎জিএমপির তথ্যমতে, মে মাসে রুজু হওয়া পাঁচটি হত্যা মামলার মধ্যে চারটির রহস্য ইতোমধ্যে উদ্ঘাটন করা হয়েছে। এসব ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। অপর মামলায় দুই আসামি গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত এখনও পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎প্রেস বিজ্ঞপ্তিতে জিএমপি আরও জানায়, অপরাধ দমন ও জনসচেতনতা তৈরিতে পুলিশ ও গণমাধ্যম একে অপরের সহযোগী। তাই জনমনে বিভ্রান্তি বা অযথা আতঙ্ক সৃষ্টি না করে তথ্যনির্ভর, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।