‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ঈশ্বরগঞ্জের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিআরডিবির সদস্যরা অংশ নেন। বক্তারা পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।##