ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারসংলগ্ন কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত সেতুর নিচ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। প্রাথমিক সুরতহালে তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এর আগে সকালে স্থানীয় বাসিন্দারা সেতুর নিচের ঝোপে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
স্থানীয়দের ভাষ্য, নিহত যুবককে গত কয়েকদিন ধরে উচাখিলা বাজার ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি কখনও নদীতে মাছ ধরতেন, আবার কখনও নদী থেকে শাক সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন। স্থানীয়দের অনেকের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ভাষ্য, যদি যুবকটি সত্যিই মানসিক ভারসাম্যহীন হয়ে থাকেন, তবে কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা দ্রুত তদন্তের মাধ্যমে উদঘাটন করা প্রয়োজন।
পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের মাথার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত এবং ঘাড়ে প্রায় ছয় ইঞ্চি গভীর কোপের চিহ্ন পাওয়া গেছে। এসব আলামত হত্যাকাণ্ডের ইঙ্গিত দিতে পারে বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যার কারণ উদঘাটনে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।